বর্তমান সময়ে চলচ্চিত্র আর শুধু বিনোদনের মাধ্যম নয়। এটি ক্রমশই রাজনৈতিক বক্তব্য ও মতাদর্শের বাহক হয়ে উঠেছে। মূলধারার বহু প্রযোজনায় আজ দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট বয়ান বা আদর্শকে প্রতিষ্ঠা করার প্রবণতা, যেখানে সমাজের জটিল বাস্তবকে অতিসরলীকরণের মাধ্যমে দর্শকদের সামনে একপাক্ষিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হচ্ছে। এই পরিস্থিতিতে চলচ্চিত্রের শিল্পমান এবং তার সামাজিক দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
ঠিক এইরকম পরিস্থিতিতেই স্বাধীন চলচ্চিত্রের গুরুত্ব বহু গুণে বৃদ্ধি পেয়েছে। কারণ কোনো প্রতিষ্ঠানের তত্ত্বাবধান ছাড়াই স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা প্রথাগত কাঠামোর বাইরে গিয়ে সমাজের উপেক্ষিত স্তরগুলিকে তুলে ধরতে পারেন। তারা বাজার বা রাজনৈতিক চাপের কাছে নত হতে বাধ্য নন - জীবনের দ্বন্দ্ব, বৈচিত্র এবং স্বাধীনতার সংগ্রাম ফুটিয়ে তুলে তারা দর্শককে ভাবতে শেখান, প্রশ্ন করতে শেখান।
বাংলা নাটকের উদ্ভব ও ক্রমবিকাশ
এই প্রেক্ষাপটে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এমন কিছু সাংস্কৃতিক উদ্যোগ, যেখানে শিল্পকে প্রতিরোধের ভাষা হিসেবে দেখা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ছাত্র-পরিচালিত চলচ্চিত্র ও নাট্য উৎসব ‘ছায়ানট’ তার অন্যতম উদাহরণ। এটি কেবলমাত্র একটি প্রদর্শনীর মঞ্চ নয়; এটি এমন এক পরিসর, যেখানে বিভিন্ন ভাষা, সংস্কৃতি এবং দৃষ্টিভঙ্গির সমন্বয়ে গড়ে ওঠে একটি বিকল্প সাংস্কৃতিক পরিচয়। মূলধারার আলোচনায় প্রায়শই অনুপস্থিত থাকে শ্রমজীবী মানুষের জীবন, লিঙ্গ রাজনীতি, প্রান্তিক জনগোষ্ঠীর সংগ্রাম কিংবা রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্কের জটিলতা। এই ধরনের উদ্যোগ সেই শূন্যতাকেই পূরণ করার চেষ্টা করে।
আপনি কি কোনো সামাজিক বিষয়ের ওপর ছবি বানাতে চান? বা স্বাধীন সিনেমায় কাজ করতে চান? যোগাযোগ করুন আমাদের সঙ্গে।
একইসঙ্গে, এই ধরনের উদ্যোগ শিল্প ও দর্শকের মধ্যে সরাসরি সংলাপের সুযোগ তৈরি করে। নির্মাতা, অভিনেতা, প্রযুক্তিবিদ এবং দর্শকদের মধ্যে আলোচনা ও মতবিনিময় চলচ্চিত্রকে শুধুমাত্র একটি সমাপ্ত পণ্য হিসেবে নয়, বরং একটি চলমান চিন্তার প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠা করে। আর এটাই কি গণতান্ত্রিক সাংস্কৃতিক চর্চার মূল শক্তি নয়?
প্রভাবিত চলচ্চিত্রের ভিড়ে, যেখানে প্রোপাগান্ডার কদর অনেক বেশি, সেখানে ‘ছায়ানট’-এর মতো যেকোনো স্বাধীন উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয় যে শিল্পের মূল উদ্দেশ্য কেবল মনোরঞ্জন নয়, বরং সমাজকে প্রতিফলিত করা এবং প্রয়োজনে তাকে প্রশ্ন করা।
